প্রিন্ট এর তারিখঃ Apr 26, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 26, 2026 ইং
গাইবান্ধার সুন্দরগঞ্জে বজ্রপাতে গরু ও শিশুসহ ৩ জনের মৃত্যু আহত

গাইবান্ধার সুন্দরগঞ্জে বজ্রপাতে গরু ও শিশুসহ ৩ জনের মৃত্যু আহত
মোঃ মাহমুদুল হাবিব রিপন,
গাইবান্ধা প্রতিনিধি,
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নে বজ্রপাতে এক শিশুসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন এবং একটি গরুও মারা গেছে।
রোববার (২৬ এপ্রিল) বিকেল আনুমানিক ৪টার দিকে উপজেলার দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামে, সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সুজা চৌধুরীর নিজ বাড়ির আশপাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সুজা চৌধুরীর ছেলে ফুয়াদ (১৪), ছোটন মিয়ার ছেলে রাফি (১৫) এবং নবীর হোসেনের ছেলে মিজান (২০)। তারা সকলেই দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় আহত হয়েছেন শামীম (১৮), তিনি একই গ্রামের আব্দুল হাই মিয়ার ছেলে। আহত শামীমকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর বরাতে জানা যায়, বিকেলের দিকে হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে যায় এবং শুরু হয় বজ্রসহ বৃষ্টি। এ সময় নিহতরা বাড়ির পাশে অবস্থান করছিলেন। হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় এবং পাশে থাকা একটি গরুও মারা যায়।
একই পরিবারের ও একই গ্রামের তিনজনের এমন আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
আজ রোজ রবিবার ২৬/৪/২০২৬ ইং।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪